পিরোজপুরে দুই ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ১২:২৯ পিএম, ১৩ এপ্রিল ২০২৬

পিরোজপুর সদরে অবৈধভাবে জ্বালানি কাঠ ব্যবহার ও লাইসেন্স না থাকার দায়ে দুইটি ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় পাশাপাশি ফায়ার সার্ভিসের সহায়তায় ভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়।

রোববার (১২ এপ্রিল) উপজেলার হুলারহাট এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওই এলাকায় অবস্থিত ‘রাহি ব্রিকস’-এ ইট পোড়ানোর কাজে কয়লার পরিবর্তে অবৈধভাবে জ্বালানি কাঠ ব্যবহার করা হচ্ছিল। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পরে ফায়ার সার্ভিসের বিশেষ টিম ভাটার আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেয়।

পিরোজপুরে দুই ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা

অন্যদিকে, প্রয়োজনীয় লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ইটভাটা স্থাপন ও পরিচালনা করার দায়ে ‘মেসার্স অভি ব্রিকস’-কে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ আল আসিফ ও ফারদীন মনীর অর্ণব।
এসময় পিরোজপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক নিখিল বিশ্বাস, ফায়ার সার্ভিস ও পুলিশের একটি বিশেষ টিম উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা জানান, পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। আইন অমান্য করে যারা ইটভাটা পরিচালনা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

মো. তরিকুল ইসলাম/কেএইচকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।