ছাত্রলীগ নেতার হাতে গ্রাম পুলিশ লাঞ্ছিত
গাজীপুরের কালীগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতার হাতে উপজেলার জামালপুর ইউনিয়নের এক গ্রাম পুলিশ লাঞ্ছিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে শনিবার দুপুর ১২টার দিকে লাঞ্ছিত গ্রাম পুলিশ বাদী হয়ে ওই নেতার বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি (নং ১১০৭) করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলার জামালপুর ইউয়িনের নগরপাড়া গ্রামে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির অনুমোদিত ঠিকাদার শহিদুল ইসলামের লোকজন এলাকায় বিদ্যুতায়নের কাজ করতে যান। কিন্তু একই গ্রামের মো. মাজেদ ফকিরের ছেলে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মুরাদ ফকির (২৫) এসে এলাকায় বিদ্যুতায়নের কাজে বাধা দেন। এ ঘটনা স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান মো. খাইরুল আলমের কাছে এলাকাবাসী অভিযোগ করেন। পরে তিনি ঘটনাস্থলে তার পরিষদের অধীনে কর্মরত গ্রাম পুলিশ মো. শহিদুল্লাহ দফেদারকে (৩৮) বিষয়টি দেখার জন্য পাঠান। ওই গ্রাম পুলিশ ঘটনাস্থলে যাওয়া মাত্র ছাত্রলীগ নেতা মুরাদ তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং লোহার রড দিয়ে তাকে মারতে আসেন। কিন্তু গ্রাম পুলিশ শহিদুল্লাহর চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে ওই ছাত্রলীগ নেতার হাত থেকে তাকে উদ্ধার করেন।
এ ব্যাপারে জামালপুর ইউপি চেয়ারম্যান মো. খাইরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে জানান, ছাত্রলীগ নেতা মুরাদের হাতে গ্রাম পুলিশ শহিদুল্লাহর লাঞ্ছিত হওয়ার ঘটনা আমি শুনেছি। তবে দুঃখজনক ব্যাপার আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যদি স্থানীয় নেতা-কর্মীদের হাতে লাঞ্ছিত হয় তাহলে স্থানীয়ভাবে কাজ করা খুব কষ্টসাধ্য ব্যাপার।
কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান বলেন, এমন একটি অভিযোগ থানায় এসেছে। এ ব্যাপারে অভিযুক্ত ওই নেতার বিরুদ্ধে আইনানুযায়ী যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
আব্দুর রহমান আরমান/এমজেড/আরআইপি