রায়পুরায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা
নরসিংদীর রায়পুরায় এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরমধুয়া গ্রামের গাজিপুরা এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম সরকার (৫০)। তিনি চরমধুয়া গ্রামের হাজী মঙ্গল মিয়ার ছেলে। তার স্ত্রী স্থানীয় চরমধুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য বলে জানা গেছে।
জানা গেছে, রোববার রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন রফিকুল ইসলাম। পথিমধ্যে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পেছন থেকে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন রফিকুল। রাত সাড়ে ১০টার দিকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নরসিংদী সদর হাসপাতালে নিহতের স্বজনদের আহাজারি/ছবি: সংগৃহীত
নিহতের ভাই মোস্তাকিম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চরমধুয়া গ্রামের গাজিপুরা এলাকায় রিফাত, নয়নদের সঙ্গে রফিকুলের মতবিরোধ হয়। এর জেরেই তারা হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি মোস্তাকিমের।
রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবির চন্দ্র ঘোষ বলেন,পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসএসএ/এমএমকে