গাজীপুরে সৌদি আরবের তিন বাহিনীর প্রতিনিধিদল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ০৮ আগস্ট ২০১৭

সৌদি আরবের তিন বাহিনীর একটি উচ্চ পদস্থ প্রতিনিধি দল মঙ্গলবার গাজীপুরস্থ বাংলাদেশ মেশিন টুলস্ ফ্যাক্টরি (বিএমটিএফ) পরিদর্শন করেন।

রয়্যাল সৌদি আর্মড ফোর্সেস’র চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) জেনারেল আব্দুল রাহমান বিন সালেহ আল-বানইয়ান এর নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দলটি সকাল ১১টার দিকে বিএমটিএফ-এ এসে পৌঁছান।

এ সময় বিএমটিএফ’র ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান পিএসসি তাদের অভ্যর্থনা জানান। প্রতিনিধি দলকে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বিএমটিএফ এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ব্রিফিং করা হয়।

পরে তারা বিএমটিএফ’র বিভিন্ন শপ ও ফ্যাক্টরি পরিদর্শন করেন। পরিদর্শনকালে বাংলাদেশের অর্থনীতিতে বিএমটিএফ’র অবদান দেখে প্রতিনিধি দলটি ভূয়সী প্রশংসা করেন।

এর আগে প্রতিনিধিদলটি হেলিকপ্টারযোগে বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় (বিওএফ) আসেন। সেখানে তাদের বিওএফ’র কমান্ডেন্ট মেজর জেনারেল হামিদুর রহমান চৌধুরী আরসিডিএফ পিএসসি অভ্যর্থনা জানান এবং ব্রিফিং করেন। পরে তারা বিওএফ’র বিভিন্ন শপ ও কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশ সেনা বাহিনীর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) রুগ্ন প্রতিষ্ঠান হিসেবে ২০০০ সালে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। তখন এ প্রতিষ্ঠানের লোকসানের পরিমাণ ছিল প্রায় ১২১ কোটি টাকা।

বর্তমানে এটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এখানে জুতা, গ্যাস ও বিদ্যুতের প্রিপেইড মিটার তৈরি এবং গাড়ি অ্যাসেম্বল করাসহ ১০টি বিভিন্ন কারখানা রয়েছে।

মো. আমিনুল ইসলাম/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।