টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বিএফইউজে ও ডিইউজের শ্রদ্ধা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৩:৫১ পিএম, ০৮ আগস্ট ২০১৭

জাতীয় শোক দিবসকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে ) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নেতৃবন্দ।

মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীর নেতৃত্বে প্রথমে বিএফইউজে ও পরে ডিইউজে নেতৃবৃন্দ জাতির জনকের সমাধিতে ফুল দিয়ে এই শ্রদ্ধা জানান। এ সময় তারা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

বিএফইউজের সাবেক মহাসচিব এম শাহজাহান মিয়া, দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, বিএফইউজের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, ডিইউজের সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সহ-সভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, কার্তিক চ্যাটার্জী, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফরাদ,৭১’ টিভির হেড অফ নিউজ সৈয়দ ইশতিয়াক রেজা, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মাহমুদ হাসানসহ ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে সাংবাদিক নেতৃবৃন্দ বঙ্গবন্ধু ভবনে যান এবং সেখানে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লেখেন।

পরে সমাধিসৌধ কমপ্লেক্সে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পক্ষের সাংবাদিকরা একত্রিত হয়ে বাংলাদেশের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ায় এসেছি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা নিরলস প্ররিশ্রম করে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরাও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে শপথ নিয়েছি। মৌলবাদ ও জঙ্গিমুক্ত একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর।

সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সাংবাদিকবান্ধব মানুষ। সাংবাদিকদের কল্যাণে ইতোমধ্যে তিনি কল্যাণ তহবিল গঠন ও আইনের নিবর্তকমূলক ৫০১ ও ৫০২ ধারা বাতিল করেছেন। গণমাধ্যমগুলো এখন স্বাধীনভাবে কাজ করতে পারছে। বিতর্কিত ৫৭ ধারা বাতিলের বিষয়ে আমরা সাংবাদিকদের পক্ষ থেকে প্রতিবাদ করেছি। সরকারের মধ্য থেকেও এ ব্যাপারে কথা এসেছে। আমরা ৫৭ ধারার অপব্যবহার ও অপপ্রয়োগ রোধ করতে আলোচনা অব্যাহত রেখেছি।

এছাড়া অল্প সময়ের মধ্যে সাংবাদিকদের কল্যাণে সরকার পূর্ণাঙ্গ নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের ঘোষণা দেবেন বলেও জানান তিনি।

এস এম হুমায়ূন কবীর/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।