মা-বাবার কাছে যেতে চায় রিফাত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৩:০০ পিএম, ০৯ আগস্ট ২০১৭

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বরমী বাজারে গত ২৭ জুলাই বিকেলে অনেকটা সাবলীলভাবে দাঁড়িয়েছিল রিফাত নামে ৫ বছরের একটি শিশু।

রিফাতকে একা একা দাঁড়িয়ে থাকতে দেখে অনেকটা উৎসাহ নিয়েই তার কাছে এগিয়ে যান বাজারের ব্যবসায়ীসহ স্থানীয়রা। রিফাত তার নাম, বাবা ও মায়ের নাম বলতে পারলেও সুনির্দিষ্ট কোনো ঠিকানা বলতে পারেনি। দিন গড়িয়ে রাত হয়ে যাওয়ায় কোনো অভিভাবকের খোঁজ না পেয়ে খবর দেয়া হয় শ্রীপুর থানায়।

শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক বলেন, স্থানীয় ব্যবসায়ীদের মাধ্যমে খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। তার নাম রিফাত, মায়ের নাম মনি ও বাবার নাম কবির হোসেন ও ঠিকানা শুধু গ্রামের নাম বটতলা বলতে পারে। তার পরনে ছিল হাতা কাটা গেঞ্জি, হাফ প্যান্ট, পায়ে স্যান্ডেল।

ওই শিশুটি বর্তমানে শ্রীপুর থানা পুলিশের হেফাজতে আছে। এ ব্যাপারে শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, শিশুটির প্রকৃত অভিভাবকের সন্ধানে স্থানীয়ভাবে প্রচারণা চালানো হচ্ছে। উপযুক্ত প্রমাণ পাওয়া সাপেক্ষে শিশুকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।

মো. আমিনুল ইসলাম/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।