রূপগঞ্জে শিল্প প্রতিষ্ঠানে হামলা : আহত ১৩
রূপগঞ্জে চাঁদা না দেয়ায় মাজেদা টেক্সটাইল মিলে হামলা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় শিল্প প্রতিষ্ঠানের ম্যানেজার, নিরাপত্তা কর্মীসহ ১৩ জন আহত হয়েছেন। রোববার রাতে রূপগঞ্জের যাত্রামুড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মাজেদা টেক্সটাইল মিলের পরিচালক আলহাজ্ব সিদ্দিকুর রহমান ভুঁইয়া জানান, স্থানীয় সন্ত্রাসী কাইউম খান গত ৬ মাস ধরে তাদের প্রতিষ্ঠানের ঝুট নিতে চাইলে তা ন্যায্য মূল্যে দিতে চান তিনি। সন্ত্রাসী কাইউম বাজার মূল্য থেকে অর্ধেক মূল্যে তার কাছ থেকে ঝুট কিনতে চায়। কম মূল্যে ঝুট অথবা মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে কাইউম বাহিনীর প্রধান। এ বিষয়ে তিনি থানায় একাধিক সাধারণ ডায়েরি করেন।
এতে ক্ষিপ্ত হয়ে কাইউম রোববার রাত সাড়ে ১০ টায় ৭/৮ জনের সন্ত্রাসী বাহিনী নিয়ে মাজেদা টেক্সটাইল মিলে হামলা চালায়। প্রথমে তারা মিলের প্রধান ফটকের বাইরে থাকা শিল্পপতি সিদ্দিকের প্রাইভেট কারটি ভাংচুর করে। পরে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ এবং পিতলের ফাঁকা গুলি ছুঁড়ে মিলে তাণ্ডব চালায়। এসময় সন্ত্রাসীরা মিলের ম্যানেজার ফেরদৌস আহম্মেদ (৫০)কে গুরুতর আহত করে শ্রমিকদের বেতনের ৪ লাখ টাকা ছিনিয়ে নেয়। তাদের হামলায় নিরাপত্তা কর্মী জয়নাল (৪০), আব্দুল করিম (৪৫) সহ ১৩জন শ্রমিক আহত হয়। আহতদের ঢাকা ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, বিষয়টি অবহিত হওয়ার পর পরই পুলিশকে ঘটনাস্থল পরিদর্শনে পাঠান। এ ব্যাপারে রাতেই তিনি শিল্প প্রতিষ্ঠানের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছেন। মামলা এবং আইনগত ব্যবস্থা এবং জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাবে বলে জানান তিনি।
উল্লেখ্য, সন্ত্রাসী কাইউম ইতিপূর্বে সোনালি পেপার মিলে চাঁদাবাজী করতে গিয়ে আরজ আলী নামে এক শ্রমিককে হত্য করে। তার বিরুদ্ধে আরো অনেক হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে।
মীর আব্দুল আলীম/এসএস/এমএস