সোনার বাংলা গঠনে এগিয়ে যাচ্ছে দেশ : চুমকি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ০১:২৮ পিএম, ১০ আগস্ট ২০১৭

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ’৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার মাধ্যমে দেশকে পাকিস্তানের অংশ বানাতে চেয়েছিল। কিন্তু ঘাতকরা সফল হতে পারেনি। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত সোনার বাংলা গঠনে এগিয়ে যাচ্ছে।বৃহস্পতিবার গাজীপুরের কালীগঞ্জের তালটিয়া এলাকায় বিলকিস ময়েজউদ্দিন স্মৃতি কল্যাণ সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, সেদিন খুনীরা ৪ বছরের শিশু রাসেলকে বাঁচতে দেয়নি। পরবর্তীতে জিয়াউর রহমান ও তার দল ক্ষমতায় এসে সেই খুনীদের বাঁচাতে অধ্যাদেশ জারি করে। এই কালো আইন পরিষ্কার বুঝিয়ে দিয়েছে বঙ্গবন্ধুকে হত্যা করে কারা এদেশে সুবিধা ভোগ করেছে, অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ষড়যন্ত্র আজও অব্যাহত রয়েছে। দেশের উন্নয়নের ধারাকে ব্যাহত করার জন্য ’৭৫ এর ষড়যন্ত্রকারীরা আজও সক্রিয় রয়েছে। তাই তাদের দমাতে ’৭১-এর মতো ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে এক হতে হবে। তাহলেই দেশের সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল করা যাবে।

গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর আজিজুর রহমান শিরিষের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ জাহিদ হাসান মামুনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাসুদুল হাসান বিল্লাল, কাউন্সিলর বজলুর রহমান বাছির, সুলতান উদ্দিন, পূবাইল সাবেক ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান মাস্টার, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মাজেদুল ইসলাম সেলিম ও যুবলীগ নেতা মো. মামুনুর রশিদ ভূঁইয়া প্রমুখ।

আব্দুর রহমান আরমান/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।