পুলিশের ধাওয়া, ‘পালাতে গিয়ে’ মাদক বিক্রেতার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৮:১৩ এএম, ১১ আগস্ট ২০১৭

গোয়েন্দা পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে যশোরের শার্শায় আব্দুল মান্নান (৫০) নামে এক মাদক বিক্রেতার মৃত্যু হয়েছে। মাদকসহ জোদ্দিন (৫২) নামে একজনকে আটকও করেছে পুলিশ।

শুক্রবার ভোররাতে শার্শার কন্যাদহ বাজারে এ ঘটনা ঘটে। আব্দুল মান্নান কন্যাদাহ গ্রামের আহার আলি মেম্বারের ছেলে।

পুলিশ বলছে, মান্নান শার্শার উলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়নাল হকের শ্যালক। তারা দীর্ঘদিন ধরে মাদকের সিন্ডিকেট চালাতেন। সেই সঙ্গে মাদক সেবনও করতেন।

যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মনিরুজ্জামান জানান, মাদকের আসর বসেছে- এমন সংবাদ পেয়ে কন্যাদহ বাজারে অবস্থিত আহার আলীর দোতলা বিল্ডিং ঘেরাও করা হয়। ওই সময় মান্নান ও মিলন নামে দু’জন পুলিশ দেখে দোতলার জানালা দিয়ে লাফ মেরে পালানোর চেষ্টা করেন। তখন দোতলার কার্নিশে লেগে মাথায় মারাত্মক আঘাত পান মান্নান। হাসপাতালে নেয়ার সময় জামতলা বাজারে তিনি মারা যান। মিলন পালিয়ে যান।

ওসি জানান, নিহত মান্নানের লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

মিলন রহমান/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।