ধান গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনে বিশেষজ্ঞ দল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১১:১৬ এএম, ১২ আগস্ট ২০১৭

কৃষি মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ পুলের দুইজন সদস্য শনিবার গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শন করেছেন।

কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. এস এম নাজমুল ইসলাম এবং কৃষি সম্প্রসারণ অধিদফতরের সাবেক মহাপরিচালক মো. এনামুল হকের নেতৃত্বে বিশেষজ্ঞ দলটি ব্রি কর্তৃপক্ষ বিজ্ঞানী ও কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ইনস্টিটিউটের বিভিন্ন ল্যাবরেটরি, গ্রিন হাউজ, স্ক্রিন হাউজ, গবেষণা মাঠ ও কৃষকের মাঠে ধান গবেষণার সার্বিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেন।

এ সময় তারা উন্নত গুণাগুণ ও পুষ্টি সমৃদ্ধ ধান, ওষুধি গুণ সম্পন্ন ধান, আউশ ধানের উন্নত জাত, পাহাড়ি এলাকাসহ বৈরী পরিবেশে চাষাবাদ উপযোগী ধান এবং আফ্রিকা থেকে আনা উচ্চ ফলনশীল ধান জাত নেরিকা নিয়ে এদেশের বাস্তবতায় গবেষণার ফলাফল সম্পর্কে বিশেষভাবে আগ্রহ দেখান।

ব্রির বিজ্ঞানীদের কাছ থেকে এসব বিষয়ে সর্বশেষ অগ্রগতি সম্পর্কে জানতে পেরে তারা সন্তোষ প্রকাশ করেন। ব্রির মহপরিচালক ড. ভাগ্য রানী বণিক, ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পচির্যা) ড. মো. শাহজাহান কবীর, ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. আনছার আলী, ব্রির উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তমাল লতা আদিত্য প্রতিষ্ঠানের সার্বিক গবেষণা কার্যক্রম সম্পর্কে বিশেষজ্ঞ পুলকে ব্রিফ করেন। ইনস্টিটিউটের সকল বিভাগীয় প্রধানগণ, ঊর্ধ্বতন বিজ্ঞানী ও কর্মকর্তারা এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন।

মো. আমিনুল ইসলাম/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।