কোর্টে হাজিরা দিতে গিয়ে ফিরলেন না যুবক
কুমিল্লায় প্রতিপক্ষের গুলিতে রানা (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে কুমিল্লা মহানগরীর কাঁটাবিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রানা নগরীর সুজানগর এলাকার আবদুল জলিলের ছেলে। তিনি হত্যা ও অস্ত্র মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রানা আদালতের একটি মামলায় হাজিরা দেয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এসময় প্রতিপক্ষের লোকজন তাকে ধরে নিয়ে কাঁটাবিল এলাকায় গাঙ্গুলী মাঠের সামনে গুলি করে হত্যা করেন। পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। মরদেহ দেখার জন্য আশপাশের এলাকার উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমান।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম জাগো নিউজকে জানান, নিহত রানার মরদেহ কাঁটাবিল এলাকার একটি ডোবা থেকে পৌনে ১২টার দিকে উত্তোলন করা হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা পরে জানানো হবে। তার মাথায় জখম ও শরীরে চাকুর আঘাত রয়েছে, তবে গুলির চিহ্ন আছে কী না ময়নাতদন্তের পর তা জানা যাবে।
তিনি আরো জানান, নিহত রানা হত্যা ও অস্ত্র মামলার আসামি ছিলেন।
মো. কামাল উদ্দিন/এমজেড/এমএস