‘নির্ভুল ভোটার তালিকা প্রণয়নই নির্বাচন কমিশনের লক্ষ্য’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১২:৪৩ পিএম, ১৩ আগস্ট ২০১৭

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী বলেছেন, রোহিঙ্গামুক্ত সঠিক ও নির্ভুল ভোটার তালিকা প্রণয়নই নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য।

রোহিঙ্গামুক্ত ভোটার তালিকা প্রণয়নে জনপ্রতিনিধিদের আন্তরিক সহযোগিতা কামনা করে তিনি বলেন, মিথ্যা তথ্য বা সার্টিফিকেট দেখিয়ে কেউ ভোটার হতে চাইলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

রোববার কক্সবাজার জেলা প্রশাসনের হলরুমে অনুষ্ঠিত ভোটার তালিকা হালনাগাদকরণ বিষয়ক জেলা সমন্বয় ও উপজেলা বিশেষ কমিটির সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের যৌথ উদ্যোগে জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্বাচন কমিশনার আরও বলেন, ভোটার হওয়ার যোগ্যতা সম্পন্ন সবাই ভোটার হতে পারবেন। বাদপড়ারা তফসিল ঘোষণার পরও ভোটারের তালিকাভুক্ত হওয়ার সুযোগ পাবেন।

এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আবদুস সালাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আনোয়ারুল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদ, জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাহেদুল ইসলাম, কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরী, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাজাহান আলী, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈন উদ্দিন ও টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক প্রমুখ।

সায়ীদ আলমগীর/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।