জজের বিরুদ্ধে সাক্ষ্য না দিতে জামায়াত-শিবিরের হুমকি


প্রকাশিত: ০৫:১৯ পিএম, ০৩ জুন ২০১৫

বরিশালে সাবেক জেলা ও দায়রা জজ (বর্তমানে ওএসডি) মো. শহীদুল্লাহর বিরুদ্ধে গৃহপরিচারিকা ধর্ষণ মামলার বিভাগীয় তদন্ত কর্মকর্তা পরিবর্তনের দাবি জানিয়েছেন ওই মামলার অভিযোগকারী মুন্নুজান চৌধুরী ওরফে মনুজা বেগম। একই সঙ্গে জজের বিরুদ্ধে সাক্ষ্য না দিতে জামায়াত-শিবির কর্মীরা তাকে অনবরত হুমকি দিচ্ছে বলে জানান তিনি।

বুধবার দুপুরে বরিশাল প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। মুন্নুজান চৌধুরী তার অভিযোগে বলেন, সাবেক জেলা জজ মো. শহীদুল্লাহর বিরুদ্ধে আনীত অভিযোগের বিভাগীয় তদন্ত কর্মকর্তা হচ্ছেন বিচারক গোলাম মতুর্জা। তদন্তকারী ওই বিচারক এবং মো. শহীদুল্লাহ একসময়ে তার অধীনে চট্টগ্রামে চাকরি করতেন। সে সুবাদে তাদের মধ্যে ঘনিষ্ট সম্পর্ক থাকায় গোলাম মতুর্জা তদন্ত কর্মকর্তা হয়েও তার ঊর্ধ্বতন সহকর্মী মো. শহীদুল্লাহর পক্ষে কাজ করছেন। তিনি তদন্তের সাক্ষ্য সঠিকভাবে লিপিবদ্ধ করছেন না।

মুন্নুজান অভিযোগ করেন, গোলাম মতুর্জা ও মো. শহীদুল্লাহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন ছাত্রশিবির করতেন। এখনো তাদের সঙ্গে জামায়াত-শিবির কানেকশন রয়েছে। মো. শহীদুল্লাহর বিরুদ্ধে সাক্ষ্য না দেওয়ার জন্য জামায়াত-শিবির কর্মীরা বিভিন্নভাবে তাকে ভয়ভীতি দেখাচ্ছেন।

তাদের হুমকির মুখে ধর্ষণের শিকার গৃহপরিচারিকা সুইটি সাক্ষ্য না দিয়ে ঢাকায় পালিয়ে গেছেন। এ অবস্থায় গোলাম মর্তুজাকে তদন্ত কর্মকর্তার পদ থেকে অপসারণ করে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ এবং তার ও ভিকটিমের নিরাপত্তার দাবি জানান মুন্নুজান বেগম।

সাইফ আমীন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।