বরিশালে ২২ সংগঠনের যৌথ মানববন্ধন


প্রকাশিত: ০৮:১৯ এএম, ০৪ জুন ২০১৫

`শতকোটি জনের অপার স্বপ্ন, একটি বিশ্ব করিব না নিঃস্ব` স্লোগান নিয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বরিশালে যৌথভাবে মানববন্ধন করেছে ২২টি বেসরকারি উন্নয়ন সংস্থা।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নগরীর সদর রোড অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন বেলার আইনজীবী সুভাষ চন্দ্র বিপ্রবেদান্তি।

কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন বলেন, স্বাধীনতার পরও বরিশাল নগরীতে ২২টি খালের অস্তিত্ব ছিল। তিন শতাধিক পুকুরের মধ্যে অর্ধেকের বেশি ভরাট হয়েছে। সরিসৃপের ন্যায় বিস্তৃত খাল দেখেই জাতীয় কবি বরিশাল নগরীকে প্রাচ্যের ভেনিসের সঙ্গে তুলনা করেছিলেন। সেই বরিশাল নগরীর খাল এবং পুকুর ভরাট হতে থাকায় এখন বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। একটুখানি বৃষ্টি হলেই নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। টিকে থাকা খাল ও পুকুর সংস্কারের দাবি জানান, তিনি।

মানববন্ধন কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন পিডিওর নির্বাহী পরিচালক রনজিৎ দত্ত, মানবাধিকার জোটের সভাপতি ডা. সৈয়দ হাবিবুর রহমান, জেলা খেলাঘরের সাবেক সাধারণ সম্পাদক শুভঙ্কর চক্রবর্তীসহ অন্যরা।

ইউডিএন, পিডিও এবং বেলার সহযোগিতায় এই কর্মসূচিতে রিডো, রান, মৃত্তিকা, সাঁকোসহ ২২টি বেসরকারি উন্নয়ন সংস্থা অংশ নেয়।

সাইফ আমীন/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।