আটকের একদিন পর বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ
ভারতে থাকা আত্মীয়কে বিয়ের দাওয়াত কার্ড দিতে গিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ব্যক্তি আতাউস সামাদ আতু (৪৪) নামের এক বাংলাদেশি নাগরিককে আটকের একদিন পর বিজিবির কাছে ফেরত দিয়েছে বিএসএফ। শনিবার (১৬ মে) বিকেলে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আটক ব্যক্তিকে বিজিবির কাছে ফেরত দেয় বিএসএফ।
জানা গেছে, আতাউস সামাদ আতু দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার খলিলপুর সরদার পাড়া গ্রামের মৃত সাদিকুল ইসলামের ছেলে। হকিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, আতাউস সামাদ আতু নামের ওই ব্যক্তি শুক্রবার হিলি সীমান্তের হাড়িপুকুর নামক এলাকা দিয়ে বাংলাদেশ পেরিয়ে ভারতে থাকা তার বোনের বাড়িতে বিয়ের দাওয়াত দিতে যান। এসময় কেউ হয়তোবা বাংলাদেশি নাগরিক অনুপ্রবেশ করেছে মর্মে বিএসএফকে অবগত করে। পরে বিএসএফ সদস্যরা অবৈধ অনুপ্রবেশ এর দায় তাকে ভারতে থাকা তার আত্মীয়ের বাড়ি থেকে আটক করে। পরবর্তীতে বিএসএফ সদস্যরা বাংলাদেশি নাগরিকের ভারতে অনুপ্রবেশের ঘটনাটি বিজিবিকে অবগত করে।
বিষয়টি নিয়ে শনিবার বিকেল ৫টার দিকে সীমান্তে বিজিবি ও বিএসএফের কোম্পানির কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটক বাংলাদেশি নাগরিক আতাউস সামাদকে বিজিবির নিকট হস্তান্তর করে বিএসএফ। পরবর্তীতে রাত আটটার দিকে বিজিবি সদস্যরা তাকে পুলিশের নিকট সোপর্দ করে।
হকিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, আতাউস সামাদ নামের এক ব্যক্তি ভারতে থাকা আত্নীয়কে বিয়ের দাওয়াত দিতে গিয়ে বিএসএফের হাতে আটক হয়। পরবর্তীতে তাকে বিজিবির নিকট পুশব্যাক করে বিএসএফ। রাত ৮টার দিকে থানায় হস্তান্তর করে বিজিবি। পরবর্তীতে আমরা তাকে তার পরিবারের নিকট বুঝিয়ে দিয়েছি।
মো. মাহাবুর রহমান/এনএইচআর