যশোরে যুবলীগ সভাপতি মোস্তফা ফরিদ আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০২:২৭ এএম, ১৭ মে ২০২৬

যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফা ফরিদ আহমেদ চৌধুরিকে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ মে) রাত ১০টার পর যশোর শহর থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান।

পুলিশ জানিয়েছে, নাশকতার বিভিন্ন অভিযোগে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি যশোর শহরের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিল ও নানা কর্মসূচি পালনের অভিযোগ রয়েছে। এসব কর্মসূচিতে যুবলীগের সম্পৃক্ততার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতেই এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

ওসি মাসুম খান বলেন, বিষয়টি নিয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাজ করছে। বিস্তারিত তথ্য জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

তবে কোন মামলায় তাকে আটক দেখানো হয়েছে কিংবা আটকের সময় তিনি কোথায় অবস্থান করছিলেন সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে মোস্তাফা ফরিদ আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে। দীর্ঘ সময় আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মিলন রহমান/এনএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।