রংপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে ছাত্রীনিবাসের ময়লা আবর্জনা কবরস্থানে প্রবেশ করাকে কেন্দ্র করে ব্যক্তি মালিকানাধীন ছাত্রীনিবাস ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সকালে নগরীর লালবাগ বাজার ব্যবসায়ী সমিতি ও দোকান মালিক সমিতির উদ্যোগে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে এ বিক্ষোভ সমাবেশ করেন।
এসময় লালবাগ মোড় এলাকার উভয় পাশে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
সকাল ১০ টা থেকে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, লালবাগ বাজার দোকান মালিক সমিতির সভাপতি ফছিউদ্দিন, সহ-সভাপতি জিয়া, সাধারণ সম্পাদক আশরাফুল আলমগীর আঙ্গুর, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নূর মো. সাজ্জাদ হোসেন, আব্দুল হাকিম প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, রেলওয়ের লিজকৃত জমির ওপর ছাত্রীনিবাস নির্মাণ করা হলেও একটি কুচক্রী মহল নিজ স্বার্থ হাসিলের চেষ্টায় ব্যর্থ হয়ে বুধবার ভোর রাতে অতর্কিত হামলা চালিয়ে ৭টি ছাত্রীনিবাসসহ ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে। অবিলম্বে এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করা না হলে রংপুরের ব্যবসায়ী সমাজ ও মেস মালিক সমিতি কঠোর কর্মসূচি ঘোষণা করবে।
পরে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) আব্দুল্লাহ আল ফারুক, কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানীসহ উর্ধ্বতন কর্মকর্তারা সমাবেশ স্থলে গিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় ব্যবসায়ীরা। ফলে যান চলাচল স্বাভাবিক হয়।
রংপুর কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জাগো নিউজকে জানান, এ ঘটনায় অজ্ঞাত দেড় শতাধিক ব্যক্তির নামে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএস/এমএস