ছাত্রলীগের হাতে অধ্যক্ষ লাঞ্ছিত : শিক্ষকদের ক্লাস বর্জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ১২:৫৫ পিএম, ২০ আগস্ট ২০১৭

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সর্বানন্দ বালাকে লাঞ্ছিত করার ঘটনায় অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করেছেন শিক্ষকরা।

গত বৃহস্পতিবার ওই কলেজ ছাত্রসংসদের সাবেক জিএস তরিকুল ইসলাম সরদারসহ কয়েকজন ছাত্রলীগ নেতা অধ্যক্ষ সর্বানন্দ বালাকে লাঞ্ছিত করে।

এ ঘটনায় রোববার কলেজটির শিক্ষক পরিষদ জরুরি সভা করে। সভায় ঘটনার বিচার ও দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত ক্লাস বর্জনের ঘোষণা দেন শিক্ষকরা।

অধ্যক্ষ সর্বানন্দ বালা বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে আমরা কলেজে একটি আলোচনা সভার আয়োজন করি। তরিকুলসহ কতিপয় ছাত্রলীগ নেতা এ আলোচনা সভা আয়োজনের দায়িত্ব নিতে চেয়েছিল। কলেজে বর্তমানে কোনো ছাত্রসংসদ না থাকায় আমরা তাদের দায়িত্ব দেইনি। এ কারণে তরিকুলসহ অন্যরা ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার আমার কক্ষে এসে আমাকে লাঞ্ছিত করে।

ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. জহুরুল হক সরদার বলেন, বৃহস্পতিবারের ঘটনার পর শিক্ষকরা সভা করেছি। সভায় এসে কলেজ ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদারসহ কয়েকজন ছাত্রলীগ নেতা বিষয়টি নিয়ে রোববার সকাল ১০টায় আমাদের সঙ্গে বসে একটি সুরাহা করবে বলে প্রতিশ্রুতি দেয়। কিন্তু সকালে তারা আসেনি।

ইংরেজি বিভাগের প্রভাষক মীর মঞ্জুর-ই-মওলা বলেন, তরিকুল ইসলাম সরদার বিভিন্ন সময়েই বিভিন্ন শিক্ষকের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। এর একটি সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত আমরা কোনো ক্লাস নেব না।

এ ব্যাপারে তরিকুল ইসলাম সরদার বলেন, ১৫ আগস্ট শিক্ষকরা কলেজে কোনো কর্মসূচি পালন করেননি। এ বিষয়ে আমি অধ্যক্ষ সারের কাছে জানতে চাইলে আমার বিরুদ্ধে মিথ্যা কাহিনি রটানো হয়। আমি স্যারকে লাঞ্ছিত করিনি।

কলেজ ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার বলেন, তরিকুল যদি এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকে, তাহলে সেটা খুব নিন্দনীয়। শিগগিরই স্যারদের সঙ্গে বসে বিষয়টি সমাধান করা হবে।

এস এম হুমায়ূন কবীর/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।