মাদারীপুরে স্কুলছাত্রী নিতু হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ১০:১৭ এএম, ২১ আগস্ট ২০১৭

মাদারীপুরে কালকিনিতে স্কুলছাত্রী নিতু মন্ডল হত্যা মামলায় একমাত্র আসামি মিলন মন্ডলের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুর দেড়টার দিকে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফউদ্দিন আহমেদ এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিলন মন্ডল নবগ্রাম আলিসার কান্দি গ্রামের বিরেন মন্ডলের ছেলে। নিহত নিতু মন্ডল ডাসারের নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

মামলার বিবরণে জানা গেছে, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত বছরের ১৮ সেপ্টেম্বর নিতু মন্ডল স্কুলে যাওয়ার সময় একটি নির্জন বাঁশ বাগানে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে একই গ্রামের মিলন মন্ডল। গুরুতর আহত অবস্থায় নিতুকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার আগেই সে মারা যায়। এ ঘটনায় ওই দিনই ডাসার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা নির্মল মন্ডল।

সোমবার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এ মামলার একমাত্র আসামি মিলন মন্ডলকে দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দেন বিচারক।

নিতুর বাবা ও মামলার বাদী নির্মল মন্ডল বলেন, নিতু হত্যা মামলায় প্রধান আসামি মিলন মন্ডলের ফাঁসির রায়ে আমরা সন্তুষ্ট। মামলার রায় দ্রুত কার্যকরের দাবি জানাই।

মাদারীপুর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট এমরান লতিফ বলেন, নিতু হত্যা মামলার রায়ে আমরা সস্তুষ্ট। এ রায়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।

এ কে এম নাসিরুল হক/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।