কুমিল্লায় দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০২:০৪ পিএম, ২৩ আগস্ট ২০১৭

কুমিল্লায় দুর্বৃত্তের হামলায় রেজাউল করিম (৪২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত গভীর রাতে জেলার হোমনা উপজেলার কারাকান্দি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ওই ব্যবসায়ী উপজেলার আসাদপুর গ্রামের মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে।

বুধবার দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতাল মর্গে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, নিহত ব্যবসায়ী রেজাউল হোমনার আসাদপুর বাজারে ব্যবসা করতেন। মঙ্গলবার সকালে তিনি দোকানের মালামাল ক্রয় করতে ঢাকায় যান। গভীর রাতে বাড়ি ফেরার পথে উপজেলার রামচন্দ্রপুর-আসাদপুর সড়কের কারাকান্দি এলাকায় দুর্বৃত্তরা তার মাথায় আঘাত করে মারাত্মকভাবে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

বুধবার বিকেলে হোমনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী জানান, ওই ব্যবসায়ীর সঙ্গে থাকা টাকা-পয়সা ও মালামাল কিছুই নেয়নি দুর্বৃত্তরা। তাই হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত এবং পূর্ব শক্রতার জের ধরে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কামাল উদ্দিন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।