সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, করবেন নানা-নানির কবর জিয়ারত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৫:১৩ পিএম, ১৪ মার্চ ২০২৬

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে সোমবার (১৬ মার্চ) দিনাজপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি শহরের ফরিদপুর গোরস্তানে শায়িত নানা-নানি ও খালাসহ নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন বলে জানা গেছে।

সফরসূচি অনুযায়ী, ১৬ মার্চ প্রধানমন্ত্রী দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় দেশব্যাপী খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। একই সঙ্গে তিনি ভার্চুয়ালি দেশের ৫৩টি জেলার খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করবেন বলে জানা গেছে।

সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, করবেন নানা-নানির কবর জিয়ারত

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে যাবেন। সেখানে তিনি তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ (চকলেট) নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন।

প্রধানমন্ত্রীর সফর কেন্দ্র করে ফরিদপুর গোরস্তান পরিচালনা কমিটি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। গোরস্তান পরিষ্কার-পরিচ্ছন্ন করা, সীমানা প্রাচীর ও প্রধান গেটসহ কবরগুলো ধোয়ামোছা এবং রং করার কাজ শেষ পর্যায়ে।

সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, করবেন নানা-নানির কবর জিয়ারত

রঙের কাজে নিয়োজিত শ্রমিক সাইদুল ইসলাম ও লুৎফর রহমান জানান, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে তারা তিন দিন ধরে নিরলস কাজ করছেন।

ফরিদপুর গোরস্তান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল জানান, প্রধানমন্ত্রী তার প্রিয়জনদের কবর জিয়ারত করবেন। ওইদিন গোরস্তানে কোরআন খতমের আয়োজন করা হয়েছে। আমরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি।

সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, করবেন নানা-নানির কবর জিয়ারত

ইতোমধ্যে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা গোরস্তান পরিদর্শন করেছেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সাদা পোশাকে নিশ্ছিদ্র নজরদারি জারি রেখেছেন।

এমদাদুল হক মিলন/কেএইচকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।