সোনারগাঁয়ে ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট
ডিস ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের তিনজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার বেহাকৈর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় সোনারগাঁ থানায় উভয় পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন।
প্রত্যক্ষদর্শী ও লিখিত অভিযোগ থেকে জানা যায়, সোনারগা উপজেলার কাঁচপুর ইউনিয়নের বেহাকৈর গ্রামের ডিস ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রলীগ কর্মী সোহেল মিয়ার সঙ্গে যুবলীগ কর্মী ফরহাদ হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এর জেরে বুধবার সোহেল মিয়া ও আজিজুল হকের নেতৃত্বে ১০-১২ জনের একদল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে যুবলীগ নেতা ফরহাদ হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।
এ সময় ফরহাদ হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মকভাবে আহত করে হামলাকারীরা। পরে ফরহাদ হোসেনের লোকজন একত্রিত হয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ছাত্রলীগ কর্মী সোহেল মিয়া ও যুবলীগ কর্মী আজিজুল ইসলামকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। মারাত্মক আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
আহত ফরহাদ হোসেন জানান, দীর্ঘদিন ধরে তিনি ডিসের ব্যবসা পরিচালনা করে আসছেন। সম্প্রতি সোহেল মিয়া ও আজিজুল ইসলাম তার ব্যবসা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে তিনি বাধা দিলে তাকে কুপিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও লুটপাট চালায়।
এদিকে, আহত সোহেল মিয়া ও আজিজুল ইসলাম বলেন, হত্যার উদ্দেশ্যে তাদের ওপর হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে ফরহাদ হোসেনসহ তার লোকজন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
মো. শাহাদাত হোসেন/এএম/জেআই্এম