চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই, গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৩:০৮ পিএম, ২৪ আগস্ট ২০১৭

 

কুমিল্লায় তুষার মিয়া নামের এক চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। জেলার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের গোবিন্দপুর এলাকার একটি কবরস্থান থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় জড়িত ৩ ঘাতককে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। নিহত তুষার জেলার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের পশ্চিম মাঝিগাছা গ্রামের গোলাপ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার সকালে জেলার আদর্শ সদর উপজেলার চাঁনপুর এলাকা থেকে তুষার মিয়ার (২০) ইজিবাইকটি ভাড়া করে বুড়িচংয়ে নিয়ে যায় ৩ যুবক।

সেখান থেকে ষোলনল ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় ফেরার পর চালক তুষারকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর ঘাতকরা ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়।

বৃহস্পতিবার কুমিল্লা নগরীর চকবাজার এলাকায় ওই ঘাতকরা ইজিবাইকটি বিক্রির জন্য নিয়ে আসে। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ জেলার চান্দিনার সাংচাইল গ্রামের আনোয়ার হোসেন হৃদয় (২৩) ও নগরীর কাপ্তানবাজার এলাকার আশিকুর রহমান বাপ্পী (২৪) নামে দুইজনকে গ্রেফতারসহ ইজিবাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পরে পুলিশের জিজ্ঞাসাবাদে তারা চালক তুষারকে হত্যা করে ইজিবাইকটি ছিনতাইয়ের ঘটনা স্বীকার করে। তাদের দেয়া তথ্যমতে পুলিশ ষোলনল ইউনিয়নের গোবিন্দপুর এলাকার একটি কবরস্থানের বাঁশঝাড়ে বাঁশের সঙ্গে ফাঁস লাগানো ও হাতবাঁধা অবস্থায় তুষারের মরদেহ উদ্ধার করে। পরে ঘটনার সঙ্গে জড়িত অপর ঘাতক হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জ থানার আজিমনগর লম্পাহাটি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মামুনকে (২২) কুমিল্লার আদর্শ সদর উপজেলার মাঝিগাছা এলাকা থেকে বৃহস্পতিবার রাত সোয়া ৭টার দিকে গ্রেফতার করে।

রাত ৮টায় কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, ইজিবাইক ছিনতাইয়ের জন্য তারা পরিকল্পিতভাবে চালক তুষার করতে হত্যা করেছে। এ ঘটনায় জড়িত ৩ ঘাতককে গ্রেফতার করে বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে।

মো. কামাল উদ্দিন/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।