উখিয়ায় ৪৫ হাজার ইয়াবাসহ আটক ৫
কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ হাজার ৮শ পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। জব্দ করা ইয়াবা পাচারে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে উখিয়া থানায় মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এসব অভিযান চালানো হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ইয়াবা পাচারের খবর পেয়ে পুলিশের একটি দল বৃহস্পতিবার রাত দুইটার দিকে অভিযানে বের হয়। গ্রামবাসীর সহযোগিতায় রুমখা চৌধুরীপাড়ার তিন রাস্তার মোড়ে নম্বর বিহীন একটি পিকআপ গাড়িতে তল্লাশি চালিয়ে ৪৪ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করে।
আটকরা হলেন, টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের নাইট্যং পাড়া গ্রামের মো. কাসিমের ছেলে মো. মুন্না (২০), একই উপজেলার মুরা পাড়া গ্রামের মো. কাশেমের ছেলে মো. আবদুল্লাহ (১৯) ও রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের তঙ্গগা কাটা গ্রামের মৃত ইদ্রিসের ছেলে মো. সাগর (২৫)।
অপরদিকে উখিয়া থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশ একইদিন সন্ধ্যা ৭টার দিকে সী লাইন কাউন্টারের সামনে থেকে ৮শ ইয়াবাসহ দুজনকে আটক করেছে।
আটকরা হলেন, উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের জামতলী গ্রামের নুর হোসেনের ছেলে আবদুল হালিম (২২) ও একই ইউনিয়নের বাঘ ঘোনা গ্রামের গুরা মিয়ার ছেলে দুদু আলম প্রকাশ দুদু মিয়া (৩০)।
উদ্ধার ইয়াবার বাজার মূল্য আনুমানিক এক কোটি ৪০ লাখ টাকা এবং এ ঘটনায় উখিয়া থানায় মামলা হয়েছে বলে উল্লেখ করেছেন ওসি আবুল খায়ের।
সায়ীদ আলমগীর/এফএ/আইআই