নৌপথে ডাকাতি বন্ধের দাবিতে চলছে নৌযান ধর্মঘট
নৌপথে ডাকাতি বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অনির্দিষ্টকালের জন্য নৌযান ধর্মঘট শুরু হয়েছে। রোববার সকাল থেকে শুরু হওয়া এ ধর্মঘটের কারণে আশুগঞ্জের মেঘনা নদী দিয়ে সকল প্রকার নৌযান চলাচল ও পণ্য ওঠানামার কার্যক্রম বন্ধ রয়েছে।
নৌযান মালিক সমিতির (পূর্বাঞ্চল) সভাপতি নাজমুল হোসেন হামদু বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, নৌপথে ডাকাতি বন্ধের দাবিতে রোববার সকাল থেকে নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে অনির্দিষ্টকালের নৌযান ধর্মঘট চলছে। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে বলে জানান তিনি।
এদিকে ধর্মঘটের কারণে রোববার ভোর থেকে আশুগঞ্জ আন্তর্জাতিক নৌবন্দর থেকে পণ্যবাহী কোনো কার্গো জাহাজ ছেড়ে যায়নি। এর ফলে বন্ধ রয়েছে আশুগঞ্জ বন্দরে সার, রড, সিমেন্ট ও পাথরবাহী ট্রাকসহ দেড়শতাধিক কার্গো জাহাজ।
উল্লেখ্য, গত ৫ জুন সন্ধ্যায় আশুগঞ্জের মেঘনা নদীতে হাজী ইমান আলী নামের একটি জাহাজে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেয়া হলেও পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। এর প্রতিবাদে রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য নৌযান ধর্মঘটের ডাক দেয় আশুগঞ্জ নৌযান শ্রমিক ফেডারেশন।
আজিজুল আলম সঞ্চয়/এমজেড/এমএস