কক্সবাজারে রোহিঙ্গাসহ ৩ জনের মৃত্যুদণ্ড


প্রকাশিত: ১২:৩৩ পিএম, ০৭ জুন ২০১৫

কক্সবাজার শহরে অপহরণের পর শিশু হত্যার অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। কক্সবাজার জেলা দায়রা জজ মো. সাদিকুল ইসলাম তালুকদারের আদালত রোববার দুপুরে এ আদেশ দেন।

মামলায় বাদী পক্ষের কৌশলী অরূপ বড়ুয়া তপু জাগো নিউজকে জানান, ২০১৩ সালে ৪ জুলাই কক্সবাজার শহরের নুনিয়ারছড়া থেকে নুরুল হকের ছেলে হৃদয় মনিকে (৬) অপহরণ করা হয়। এরপর মোবাইল ফোনে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল। কিন্তু মুক্তিপণের টাকা দিতে ব্যর্থ হওয়ায় ৫ জুলাই কক্সবাজার শহরের সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে হৃদয় মনির মরদেহ উদ্ধার করে পুলিশ। ৬ জুলাই এ ঘটনায় শিশুটির বাবা নুরুল হক বাদী হয়ে কক্সবাজার মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলায় উত্তর নুনিয়ারছড়ায় বসবাসকারী মিয়ানমারের নাগরিক মৃত মো. শফির ছেলে মো. আবদুল খালেক, ওই এলাকায় বসবাসকারী চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার বাদামতল কাঞ্চননগর এলাকার সিরাজ মিয়ার ছেলে বাহাদুর মিয়া, উত্তর নুনিয়ারছড়ায় বসবাসকারী  মিয়ানমার নাগরিক মৃত গোলাম বারীর ছেলে আবদুস শুক্কুর ও কক্সবাজার সদরের চৌফলদণ্ডী কালুফকির পাড়ার জসিমকে আসামি করা হয়।

তিনি আরো জানান, পুলিশ ২০১৪ সালের ২০ এপ্রিল একটি চার্জশিট প্রদান করে। মামলার প্রক্রিয়া শেষে রোববার মামলার আসামি আবদুল খালেক, বাহাদুর মিয়া ও আবদুস শুক্কুরকে ফাঁসির আদেশ দেন। অপর আসামি জসিমকে বেকসুর খালাসের আদেশ দেন আদালত। ইতোপূর্বে দণ্ডপ্রাপ্ত আসামিরা কারান্তরীণ ছিলেন।

মামলার বাদী নুরুল হক জাগো নিউজকে জানান, আদালতের রায়ে আমি খুশি। তবে যেদিন খুনিদের ফাঁসি কার্যকর করা হবে সেদিন মনে হবে আমার অবুঝ শিশু হৃদয়ের আত্মা শান্তি পেয়েছে।

সায়ীদ আলমগীর/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।