ক্রিকেট জয়ের উল্লাসে স্বস্তিতে ঘরে ফিরবে সবাই : সেতুমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১২:৫৭ পিএম, ৩০ আগস্ট ২০১৭

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণের স্বস্তিকে ঝুঁকির মুখে ফেলে দিয়ে আমরা কাউকে রাস্তায় চলতে দেব না। অতিরিক্ত মালামাল নিয়ে ভারি যানবাহন রাস্তায় চলতে দেয়া হবে না।

বুধবার বিকেলে গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানজট পরিস্থিতি পরিদর্শন করে সাংবাদিকদের এসব কথা বলেন সেতুমন্ত্রী।

তিনি বলেন, ঈদের তিনদিন আগে ট্রাক-কাভার্ডভ্যানসহ বিভিন্ন ভারি যানবাহন রাস্তায় চলাচল করবে না। যদি চলাচল করে এবং রাস্তায় যদি পুলিশ এসব গাড়ি পায় তাহলে কঠোর ব্যবস্থা নেবে। এখানে কোনো ছাড় দেয়া হবে না। কারণ জনগণের স্বস্তিকে ঝুঁকির মুখে ফেলে আমরা কাউকে রাস্তায় চলতে দেব না।

সেতুমন্ত্রী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের বিষয়ে মন্তব্য করে বলেন, আজকে সবাই একই বিষয়ে মেতেছে। ক্রিকেট জয়ের উল্লাসে স্বস্তিতে ঘরে ফিরবে সবাই। একটু কষ্ট হলেও ঘরমুখো যাত্রায় সবাই স্বস্তিতে বাড়ি ফিরবে এটাই কাম্য।

এ সময় সেতুমন্ত্রীর সঙ্গে ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদসহ সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মো. আমিনুল ইসলাম/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।