রোহিঙ্গাদের নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি : সেতুমন্ত্রী
রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে ঘোলা জলে মাছ শিকারে নেমেছে বিএনপি মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতাকর্মীরা এসি রুমে বসে রোহিঙ্গাদের নিয়ে জল ঘোলা করছেন।
তিনি বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে বিএনপি মিথ্যাচার করছে। এ পর্যন্ত বিএনপির কোনো নেতা রোহিঙ্গাদের দেখতে আসেননি। তারা এসি রুমে বসে আওয়ামী লীগের সমালোচনা করতে জানেন। দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে পারেন না।
সোমবার বিকেলে কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণার্থী শিবির পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সেতুমন্ত্রী।
তিনি বলেন, এখানে কিছু মুসলমান অন্য দেশ থেকে এসে আশ্রয় নিয়েছে। মানবিক দিক বিবেচনা করে আমরা শুরু থেকেই তাদের আশ্রয় দিয়েছি। ঠিক সেই মুহূর্তে রোহিঙ্গা ইস্যুতে বিএনপি উল্টাপাল্টা কথা বলে দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে।
সেতুমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিকভাবে মিয়ানমারকে চাপ দেয়া হচ্ছে। আমরা আশা করছি, শিগগিরই রোহিঙ্গাদের সে দেশে পাঠিয়ে দেয়া হবে।
এর আগে কুতুপালংয়ের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করে রোহিঙ্গাদের দুর্দশার কথা শোনেন এবং তাদের খোঁজখবর নেন সেতুমন্ত্রী।
এ সময় সেতুমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-্উল আলম হানিফ, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, রাশেদুল ইসলামসহ কেন্দ্রীয় এবং জেলা আওয়ামী লীগের নেতা ও প্রশাসনের কর্মকর্তারা।
সায়ীদ আলমগীর/এএম/এমএস