সমাজকল্যাণমন্ত্রীর বিরুদ্ধে মৌলভীবাজার পুলিশের নালিশ
সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর বিরুদ্ধে পুলিশ সদর দফতরে নালিশ করেছে মৌলভীবাজার জেলা পুলিশ। জেলার আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত হয়ে জেলার সরকারি বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশকে নিয়ে সমাজকল্যাণমন্ত্রী নানাভাবে অশোভনীয় মন্তব্য ও কটুক্তি করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বুধবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে জেলার পুলিশ সুপার (বিশেষ শাখা) স্বাক্ষরিত সদর দফতরে পাঠানো এক বার্তায় এ অভিযোগ করা হয়। মৌলভীবাজার জেলা পুলিশ ও পুলিশ সদর দফতর সূত্রে তথ্যটি নিশ্চিত হওয়া গেছে। এ ব্যাপারে নাম প্রকাশ করে কোনো দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা কোনো তথ্য বা বক্তব্য দিতে রাজি হননি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতি মাসেই আইন-শৃঙ্খলা কমিটি জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা সভায় মিলিত হন। এবারের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। সভায় তিনি তার বক্তব্যে নানাভাবে পুলিশের দায়িত্ব-কর্তব্য নিয়ে কটুক্তি ও অশোভনীয় মন্তব্য করেন।
এ কারণে সভা চলাকালেই জেলা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা ও আমন্ত্রিত বিভিন্ন সরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে অস্বস্তি দেখা দেয়।
মন্ত্রীর এই আচরণে ক্ষুব্ধ হয়ে বুধবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে জেলার বিশেষ পুলিশ সুপার (বিশেষ শাখা) স্বাক্ষরিত একটি চিঠি পুলিশ সদর দফতরে পাঠানো হয়।
পুলিশের এডিশনাল আইজি (এসবি), ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, সিলেট রেঞ্জ ও পুলিশের গোপনীয় শাখার এআইজিকেও চিঠির অনুলিপি প্রেরণ করা হয়।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে জেলার পুলিশ সুপার তোফায়েল আহমেদ জাগো নিউজকে বলেন, `আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি নই। যিনি আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেছেন আপনি তার কাছেই জানতে চান গতকাল (বুধবার) সভায় আসলে কি ঘটেছিল।`
বিষয়টি নিয়ে পুলিশ সদর দফতরের এআইজির (গোপনীয় শাখা) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জাগো নিউজকে বলেন, `আমার এক আত্মীয় মারা গেছেন। আমি সেখানে আছি, এ মুহূর্তে বিষয়টি নিয়ে কথা বলা সম্ভব হচ্ছে না।`
এদিকে এ ব্যাপারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে রাতে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মোবাইল ফোনের কল রিসিভ করেননি।
জেইউ/আরএস/আরআই