প্রতিমন্ত্রী

পাশের দেশ থেকে পশু প্রবেশ ঠেকাতে বিজিবিকে নির্দেশনা দেওয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ১৭ মে ২০২৬

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে দেশে গবাদিপশুর পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

তিনি বলেন, দেশের চাহিদার তুলনায় প্রায় ২৩ লাখ গবাদিপশু অতিরিক্ত রয়েছে। তাই পার্শ্ববর্তী দেশ থেকে যাতে কোনোভাবেই পশু প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিডিআরকে (বর্তমানে বিজিবি) আগেই নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (১৭ মে) বিকেলে বগুড়া শহরের মম ইন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ‘টেকসই প্রাণিসম্পদ উন্নয়ন: আধুনিক খামার ব্যবস্থাপনা, বাজার সংযোগ ও ভ্যালু চেইন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী সবসময় বলে থাকেন, দেশের স্বার্থ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশ এখন কোরবানির পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। ভবিষ্যতে আমরা পশু রপ্তানির দিকেও এগিয়ে যেতে পারবো বলে আশা করছি।’

পশুর চামড়ার দাম কমে যাওয়ার বিষয়টি সরকারের নজরে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার উদ্যোগ নিচ্ছে। পাশাপাশি খামারিরা সহজ শর্তে যাতে ঋণ পেতে পারেন, সে বিষয়েও কাজ চলছে।’

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক শাহজামান খানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রেজাউল করিম বাদশা এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে পাঁচ শতাধিক খামারি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

আধুনিক জেলা কসাইখানার উদ্বোধন সেমিনার শেষে সন্ধ্যায় বগুড়া শহরতলীর জয়পুরপাড়ায় নবনির্মিত আধুনিক জেলা কসাইখানার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে ৫০ ডেসিমেল জমির ওপর নির্মিত এই কসাইখানায় প্রতি ঘণ্টায় ১৫টি গরু এবং ৩০টি ছাগল বা ভেড়া জবাই ও প্রস্তুত করা যাবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ডেভেলপমেন্ট অব লাইভস্টক সার্ভিসেসের আওতায় ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট’ প্রকল্পের মাধ্যমে বিশ্বব্যাংকের অর্থায়নে কসাইখানাটি নির্মাণ করা হয়েছে। উদ্বোধনের পর এটি বগুড়া সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হবে।

উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী বলেন, ‘এটি অত্যন্ত নিরাপদ ও বৈজ্ঞানিক উপায়ে রোগমুক্ত মাংস প্রক্রিয়াজাতকরণের একটি আধুনিক কসাইখানা। দেশের প্রতিটি জেলায় এ ধরনের কসাইখানা থাকা উচিত।’

এসময় জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, প্রাণিসম্প কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এলবি/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।