ছাত্রদলের লিফলেট
‘বিএনপি সরকার জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে বদ্ধপরিকর’
জুলাই জাতীয় সনদ বিএনপি অক্ষরে অক্ষরে বাস্তবায়নে বদ্ধপরিকর এমন বার্তা তুলে ধরে লিফলেট বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শাখা।
রোববার (১৭ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়, আমবাগান, টিএসসি, প্রশাসনিক ভবন, কে আর মার্কেটসহ বিভিন্ন স্থানে এ লিফলেট বিতরণ করা হয়।
লিফলেটে বলা হয়, গণভোটের ‘খ’ নম্বর প্রশ্নের “জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে” অংশ এবং “সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হইবে” অংশ জুলাই সনদের ঐকমত্যের অংশ নয়। এ অংশের বিরুদ্ধে বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদ স্বাক্ষরের সময় আপত্তি জানিয়েছিল, যা জুলাই সনদে লিপিবদ্ধ আছে।
এতে আরও বলা হয়, বিএনপি সংসদের আসনসংখ্যার অনুপাতে উচ্চকক্ষে প্রতিনিধিত্ব চায় এবং সংবিধান সংশোধনসহ কয়েকটি বিষয় উচ্চকক্ষে পাঠানো হবে না মর্মে দ্বিমত পোষণ করে। কারণ উচ্চকক্ষ জনগণের সরাসরি ভোটে নির্বাচিত নয়। জুলাই সনদের ১৮ ও ১৯ নম্বর অনুচ্ছেদের নোট অংশ অনুসারে বিএনপির উত্থাপিত আপত্তি প্রাধান্য পাবে এবং বিএনপি ওই নোট অংশ অক্ষরে অক্ষরে মানতে অঙ্গীকারবদ্ধ।
লিফলেটে আরও বলা হয়, গণভোটের প্রশ্ন ‘গ’-এর “সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হতে ডেপুটি স্পিকার” দেওয়ার অংশটি বিরোধী দল ইতোমধ্যে লঙ্ঘন করেছে, যা জুলাই সনদের ২২ ও ২৩ নম্বর অনুচ্ছেদের লঙ্ঘন।
এসময় বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্য সচিব মো. শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবসহ শাখা ছাত্রদলের বিভিন্ন হল পর্যায়ের নেতৃবৃন্দ।
শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে যে সচেতনতা কার্যক্রম পরিচালনা করছে, তা কেবল একটি প্রচারণা নয়, এটি নতুন প্রজন্মকে গণতান্ত্রিক মূল্যবোধ, জাতীয় ঐক্য এবং দেশ গঠনের দায়িত্ব সম্পর্কে জাগ্রত করার একটি প্রয়াস। আমরা বিশ্বাস করি, সচেতন তরুণ সমাজই আগামী বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। শিক্ষার্থীদের অংশগ্রহণ, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক চর্চাই একটি সুন্দর ও মানবিক রাষ্ট্র গঠনের পথ তৈরি করবে।’
এমএন