রামুতে ছুরিকাঘাতে যুবক খুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৯:৩৬ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৭

কক্সবাজারের রামুতে রবিউল হাসান বাবু (১৮) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। কথা কাটাকাটির জের ধরে শনিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত বাবু রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের উমখালী মৌজিমের দ্বীপ এলাকার আবু তাহেরের ছেলে।

নিহতের স্বজনরা জানান, আগের দিন রাতে পাশের গ্রাম দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পূর্ব উমখালী গনি সওদাগর পাড়ার আলী মদনের ছেলে জাফর আলমসহ স্থানীয় কতিপয় বখাটের সঙ্গে রবিউলের কথা কাটাকাটি হয়। শনিবার সকাল ৮টার দিকে কাঠমিস্ত্রি রবিউল হাসান বাবু কাজে যাওয়ার পথে উমখালী এলাকার ছিদ্দিকের দোকানের সামনে হামলার শিকার হন। হামলাকারীরা তার গলায়, পিঠে ও বুকের পাশে একাধিক ছুরিকাঘাত করে। মুমূর্ষু অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে হামলায় নেতৃত্ব দেয়া জাফর আলম পলাতক থাকলেও তার দুই ভাইকে বেঁধে রেখেছে স্থানীয়রা।

চাকমারকুল ইউনিয়নের পরিষদের সদস্য সাহাব উদ্দিন জানান, সামান্য কথা কাটাকাটির জের ধরে স্থানীয় কিছু যুবক এ ঘটনা ঘটিয়েছে। নিহত রবিউল হাসানের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়েছে।

রামু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সায়ীদ আলমগীর/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।