ফতুল্লায় মাদক ব্যবসা নিয়ে দু`গ্রুপের সংঘর্ষ : আহত ১৫


প্রকাশিত: ০২:৪৮ পিএম, ১৩ জুন ২০১৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দু`গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি দোকান ও একটি বাড়ি ভাঙচুর করা হয়। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার বিকেলে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলে মাদক ব্যবসায়ীরা তাদর লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়ে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিতে দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী নাডা ফারুক ও নষ্ট ফারুকের মধ্যে বিরোধ চলে আসছিল। আর সেই বিরোধের জেরে বিকেল ৫টায় উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় এ সংঘর্ষ চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এদিকে, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা এলাকায় প্রভাব বিস্তার করতে মাসদাইর গুদাড়াঘাট এলাকায় কয়েকটি দোকান ভাঙচুর করা উভয়পক্ষের লোকজন। পরে নষ্ট ফারুকের লোকজন নাডা ফারুকের বাড়িতে হামলা চালিয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় পুলিশ ঘটনাস্থলে আসলে তাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে সন্ত্রাসীরা।

পুলিশ ধাওয়া দিয়ে লাঠিচার্জ করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এতে নাডা ফারুক তার সহযোগি নাজিম, নষ্ট ফারুকের সহযোগি তাজু, সুমন, মাহবুবসহ অন্তত ১৫ জন আহত হয়। আহতদের শহরের খানপুর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে নাডা ফারুকের স্ত্রী রোকসানা, পারভেজের স্ত্রী ইয়াসমিন ও শিউলী নামে তিনজনকে আটক করে।

ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। উভয় গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শাহাদাৎ হোসেন/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।