মেহেরপুরে নির্বাচনে জামায়াতের পক্ষে কাজ করায় ৩ কর্মীর ওপর হামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০২:৪২ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

মেহেরপুরের গাংনীতে তিন জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জোড়পুকুরিয়া বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হচ্ছেন, জোড়পুকুরিয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে উজ্জ্বল হোসেন (৩০) ও তার ভাই মাসুদ (৪৫) এবং ঝন্টু আলীর ছেলে জুয়েল (২৮)। আহতদের মধ্যে উজ্জ্বল হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেলে রেফার্ড করা হয়েছে। অন্যদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা জানান, সকলে ওই জামায়াত কর্মীরা স্থানীয় বাজারে চায়ের দোকানে চা পান করতে আসেন। নির্বাচনে তারা জামায়াতে ইসলামীর পক্ষে কাজ করায় দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে হামলা চালায় বিএনপি কর্মী মহিবুল ও তার ছেলে রিপন, বেলু ও সাহেব। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

গাংনী উপজেলা জামায়াতের মিডিয়া সেলের প্রধান মাহাবুব জানান, ‘মধ্যরাতে বিএনপি কর্মীরা সরকার গঠনে নিশ্চিত হয়ে বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর লোকজনকে হুমকি-ধমকি দিয়ে আসছেন। এরই বহিঃপ্রকাশ জোড়পুকুরিয়া বাজারের সহিংসতা।’

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, ‘আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

মেহেরপুর-২ আসনে বিএনপি প্রার্থী আমজাদ হোসেনকে প্রায় ৯ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেছেন জামায়াত জোট প্রার্থী নাজমুল হুদা।

আসিফ ইকবাল/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।