ভাণ্ডারিয়ায় মন্দিরসহ শত পরিবার জলাবদ্ধ


প্রকাশিত: ০৫:২৩ পিএম, ১৪ জুন ২০১৫

পিরোজপুরের ভাণ্ডারিয়া সদরের দক্ষিণ ভাণ্ডারিয়া বামুনের হাওলায় হিন্দু ধর্মালম্বীদের শ্রী গুরুসংঘের উপজেলা মন্দিরসহ পার্শ্ববর্তী প্রায় ১ শ’ পরিবারের মানুষ গত দুদিনের বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার শিকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন। রোববার সরেজমিনে গিয়ে দেখা গেছে ১৩৪২ বাংলা সনে এ মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। সে থেকে প্রতিবছর সেখানে হিন্দু ধর্মালম্বীদের ধর্মীয় অনুষ্ঠান সাম্প্রদায়িক সম্পৃতির মধ্য দিয়ে অনুষ্ঠত হয়।

 

মন্দির প্রাঙ্গণটি নিচু হওয়ায় জোয়ারের পানি অথবা বৃষ্টি হলেই জলাবদ্ধার কারণে তা ব্যহত হত। মন্দির কমিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, স্থানীয় বিজয় ব্রহ্ম ও পার্থ ব্রহ্ম এ প্রতিবেদককে জানান ওই স্থান থেকে বামুনের হাওলা নামে একটি রেকর্ডীয় খাল পোনা নদীর সাথে সংযোগ ছিল। তখন পানি বৃদ্ধি পেলেও তা নেমে যেত তখন এ সমস্যা থাকতনা। কিন্তু কিছু প্রভাবশালী ব্যক্তি সে খালটি নানা ভাবে দখল করে নেয়ায় সংযোগ খালটি নিশ্চিহ্ন হয়ে যায়।

 

স্থানীয় সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দারের সহায়তায় টি আর থেকে সম্প্রতি মন্দিরের মাঠটি বালু দিয়ে ভরাট করা হলেও ড্রেন না থাকায় স্থায়ী জলাবদ্ধাতার শিকার উপাসনালয় সহ ওই এলাকার প্রায় ১ শ’ পরিবার।

 

এ বিষয়ে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল কুদ্দুস’র সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, যদি কেউ সরকারি খাল ভরাট করে থাকে তা হলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

হাসান মামুন/এসএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।