কুমিল্লায় হত্যা মামলায় ৪ আসামির যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৮:৫২ এএম, ২৬ সেপ্টেম্বর ২০১৭
প্রতীকী ছবি

কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর গ্রামের মৃত আবদুল মজিদ আখন্দের ছেলে প্রবাসী আবদুল মোমেন আখন্দ হত্যা মামলায় ৪ আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। কুমিল্লার অতিরিক্ত সেশন জজ ৪র্থ আদালতের বিচারক নূরনাহার বেগম শিউলী মঙ্গলবার দুপুরে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- একই গ্রামের ইদুল্লাহ, সাইফুল্লাহ, শাহাদাত ও এন্তাজ মিয়া।

আদালত সূত্রে জানা যায়, সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০০৫ সালের ১১ জুলাই রাতে প্রবাসী আবদুল মোমেন আখন্দকে তার ঘরের ভেতর ঢুকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় মোমেনের বড় ভাই আবদুল মালেক আখন্দ বাদী হয়ে মেঘনা থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ এ মামলার তদন্ত শেষে ১৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করেন অতিরিক্ত সেশন জজ ৪র্থ আদালতের বিচারক নূরনাহার বেগম শিউলী।

মামলার আসামিদের মধ্যে একই গ্রামের ইদুল্লাহ, সাইফুল্লাহ, শাহাদাত ও এন্তাজ মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড, প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়। অপর ১২ আসামির মধ্যে ৭ আসামিকে খালাস প্রদান করা হয়। মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় ৫ আসামি মৃত্যুবরণ করেন।

কামাল উদ্দিন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।