বাড়ি নির্মাণ করায় চাঁদা দাবি, না পেয়ে যুবককে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খুলনা
প্রকাশিত: ০৮:৪১ এএম, ১২ মার্চ ২০২৬

খুলনার খালিশপুরে নৌবাহিনীর সাবেক সদস্য মো. রুহুল কুদ্দুস রুবেলকে (৫০) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। চাঁদা না দেওয়ায় তার ওপর এ হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী রুবেল।

বুধবার (১১ মার্চ) রাতে খালিশপুর প্লাটিনাম তৈয়াবা কলোনির ২ নম্বর গেটে এ ঘটনা ঘটে।

আহত রুবেল নৌবাহিনীর সদস্য ওই এলাকার বাসিন্দা মো. শাহজাহানের ছেলে। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় পুলিশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় দুইজনকে আটক করেছে।

আটকরা হলেন- খালিশপুর ২ নম্বর নেভি গেট এলাকার বাসিন্দা দুই ভাই শাহীন ও মো. হৃদয়।

আহত মো. রুহুল কুদ্দুস রুবেল বলেন, তৈয়াবা কলোনিতে আমি একটি বাড়ি নির্মাণ করছিলাম। ৭-৮ দিন আগে আমার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি দিতে রাজি হইনি। বুধবার রাত পৌনে ৮টার দিকে চা খেতে বাড়ির পাশে দোকানে গেলে সেখানে তারা আমার ওপর অতর্কিত হামলা চালায়। তারা চাপাতি দিয়ে ডান পা ও বাঁ হাতে আঘাত করে। স্থানীয়রা আমাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

এ বিষয়ে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে হামলাকারী হৃদয় ও শাহীনকে আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ থেকে আটক করা হয়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং বাকিদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।

আরিফুর রহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।