যশোর শেখ হাসিনা সফটওয়্যার পার্কে চাকরি মেলা ৫ অক্টোবর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ১২:২৮ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৭

 

যশোরে নবনির্মিত শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে ৫ অক্টোবর দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হবে। এতে দেশের ৪০টি আইটি কোম্পানি অংশ নেবে।

যশোর-খুলনা অঞ্চলের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের বায়োডাটা জমা দিয়ে মৌখিক পরীক্ষার মাধ্যমে তাৎক্ষণিকভাবে চাকরি পাবেন। উচ্চ মাধ্যমিক থেকে সর্বোচ্চ ডিগ্রিধারীরা চাকরির জন্য আবেদন করতে পারবেন।

শনিবার দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন তথ্য দিয়েছেন পার্কটির প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) জাহাঙ্গীর আলম। এ সময় তার সঙ্গে ছিলেন প্রকল্পের সহকারী ব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন।

এ ব্যাপারে জানতে চাইলে যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক প্রকল্পের পরিচালক (পিডি) জাহাঙ্গীর আলম বলেন, তথ্য ও প্রযুক্তিতে আগ্রহী ২০ হাজার মানুষের এপার্কে কাজের সুযোগ থাকবে। কম্পিউটারের সফটওয়্যার ডেভেলপমেন্ট, ফ্রি-ল্যান্সিং, কল সেন্টার ও রিচার্স অ্যান্ড ডেভেলপমেন্ট-এ চারটি সেক্টরে দেশ-বিদেশের আইটি (তথ্য ও প্রযুক্তি) শিল্প উদ্যোক্তারা বিনিয়োগের সুযোগ পাবেন। চলতি বছরের ডিসেম্বর মাসের শেষের দিকে এটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রকল্প পরিচালক বলেন, ৫ অক্টোবর সকাল ৯টার দিকে চাকরি মেলার উদ্বোধন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

একই সঙ্গে সেখানে দিনব্যাপী চলবে সেমিনার, কর্মশালা ও গোলটেবিল বৈঠক। এতে খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর পলিটেকনিক ইনস্টিটিউট, এমএম কলেজ, বিসিএমসি কলেজের শিক্ষার্থীরা অংশ নেবেন।

শিক্ষার্থীরা মেলায় চাকরিদাতা ৪০টি স্বনামধন্য কোম্পানিতে বায়োডাটা জমা দেবেন। আশা করছি অন্তত ৩ হাজার বায়োডাটা জমা পড়বে। উদ্যোক্তা তাৎক্ষণিক ভাইবা নিয়ে প্রার্থীদের চাকরি নিশ্চিত করবেন।

মিলন রহমান/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।