ডিস ব্যবসা নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ০৮ অক্টোবর ২০১৭

গাজীপুরে ডিস ব্যবসা নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের পল্লীবিদ্যুৎ সমিতি সংলগ্ন সার্ডিগেইট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম আমীর হামজা (২৭)। তিনি বগুড়া সদরের নাডুলী পশ্চিমপাড়া এলাকার আ. খালেকের ছেলে।

নিহতের বোন শান্তা ইসলাম সাথী জানান, তার ভাই আমীর হামজা চান্দনা চৌরাস্তা এলাকায় ভাড়া থাকতেন এবং স্থানীয় রনি সরকারের সঙ্গে ডিসের ব্যবসা করতেন।

শনিবার রাত ৩টার দিকে দুর্বৃত্তরা তার ভাইকে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় সার্ডি গেইটের কাছে ঢাকা-জয়দেবপুর সড়কের পাশে ফেলে রাখে। পরে স্থানীয়রা রাতে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার ভাই আমীর হামজা মারা যায়।

তিনি অভিযোগ করেন, রাত ৩টার দিকে তার ভাই হাসপাতালে মারা গেলে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি জয়দেবপুর থানাকে অবহিত করে। পরবর্তীতে রোববার তিনবার থানায় তারা নিজেরা লোক পাঠিয়ে খবর দিলেও পুলিশ মর্গে আসেনি।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. ইরশাদুল্লাহ জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার ডানপা ও বাম হাত ভাঙা রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে এই চিকিৎসকের ধারণা।

জয়দেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, কি কারণে তাকে হত্যা করা হয়েছে পুলিশ তা তদন্ত করে দেখছে।

মো. আমিনুল ইসলাম/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।