গাজীপুরে আবেদনের ৬ বছরেও মেলেনি বিদ্যুৎ সংযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১২:২৫ পিএম, ০৯ অক্টোবর ২০১৭

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে বিদ্যুতের জন্য আবেদন করে ছয় বছরেও সংযোগ মেলেনি। বছরের পর বছর পল্লী বিদ্যুতের অফিসে ধর্ণা দিলেও কর্তৃপক্ষ দেব, দিচ্ছি, টেন্ডার হয়ে গেছে ইত্যাদি বলে শুধু আশ্বাসের বাণী শোনাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট সংলগ্ন বারুইপাড়া জানাকুর গ্রামের অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. জহিরুল ইসলামের স্ত্রী মোসা. রহিমা বেগম তার বাড়ির আবাসিক সংযোগের জন্য ২০১১ সালের ৮ জুন গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদন করেন। এ জন্য তিনি পল্লী বিদ্যুতের নির্ধারিত ফি প্রদান করেন। এরপর একই সংযোগের জন্য ২০১৩ সালের ৫ মে পুনরায় আবেদন করেন। কিন্তু সংযোগ মেলেনি। সংযোগের জন্য আবেদন করার পর থেকে আবেদনকারীর পক্ষে তার স্বামী ও ছেলে বছরের পর বছর ধরে পল্লী বিদ্যুতের লোকজনের কাছে ধর্ণা দিচ্ছেন। কর্তৃপক্ষ তাদের বলছে, আপনাদের আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। খুব শিগগিরই টেন্ডার হবে। বিদ্যুতের সংযোগ পেয়ে যাবেন।

আবেদনকারীর ছেলে বিল্লাল হোসেন জানান, কিছু দিন আগেও পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করা হলে কর্তৃপক্ষ বলেছে, আপনাদের লাইন টেন্ডার হয়ে যাচ্ছে। শিগগিরই সংযোগ পেয়ে যাবেন।

এ ব্যাপারে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার মো. শাহনেওয়াজ জানান, আবেদন করা সকল গ্রাহককেই শিগগিরই বিদ্যুৎ সংযোগ দেয়া হবে। মালামাল সংকটের কারণে সংযোগ দিতে কিছুটা দেরি হচ্ছে। যেহেতু ২০১৮ সালের মধ্যে শতভাগ বিদ্যুতায়ন করা হবে সেহেতু আমরা গ্রাহক খুঁজছি- কারা বিদ্যুৎ পায়নি। যদি কেউ বাদ পড়ে থাকে তাহলে পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে তাকে অবশ্যই বিদ্যুৎ সংযোগ দেয়া হবে।

আমিনুল ইসলাম/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।