ব্রাহ্মণবাড়িয়ায় ২ পক্ষের সংঘর্ষ : আহত ১০


প্রকাশিত: ০৬:৫৪ এএম, ২১ জুন ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ায় সিগারেট বাকি না দেয়াকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে পৌর শহরের ভাদুঘর নগরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৭ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, জামাল মিয়া (৩৫), ইয়ামিন (২৫), রুহুল আমিন (২৫), ওলিউল্লাহ (২৫), আনোয়ার হোসেন (৪৫) সুমন মিয়া (৩৫), হাজেরা বেগম (৪৫)। বাকিদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের ৫টি দোকান ও ঘর-বাড়িতে ভাঙচুর করে লুটপাট চালানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জাগো নিউজকে জানান, শনিবার রাতে নগরপাড়া এলাকার মতি মোল্লার ছেলে আল আমিন বাড়ির পার্শ্ববর্তী জাফর মিয়ার দোকানে বাকিতে সিগারেট কিনতে যান। কিন্তু জাফর মিয়া বাকিতে সিগারেট না দেয়ায় আল আমিন তাকে মারধর করেন। পরে জাফর মিয়া বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানালে তারা বিষয়টি মীমাংসার জন্য রোববার সকালে শালিস-বৈঠক ডাকেন। কিন্তু শালিস শুরু হওয়ার আগেই সকাল সাড়ে ৯টায় আল আমিন ও তার সমর্থকরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে জাফর মিয়ার সমর্থকদের উপর অতর্কিতভাবে হামলায় চালান। পরে জাফর মিয়ার লোকজনও সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। এছাড়া সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের ৫টি দোকান ও ঘর-বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে তবে পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আজিজুল আলম সঞ্চয়/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।