চট্টগ্রামের ডিসি

এই নির্বাচন দেশের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণের গুরুত্বপূর্ণ ধাপ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:৫৭ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

তিনি বলেছেন, সরকারি কর্মচারীরা কোনো ব্যক্তির গোলাম নন, তারা রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালনের জন্য শপথবদ্ধ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাঁশখালী উপজেলা কমপ্লেক্স মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা ও দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, এ নির্বাচন শুধু ভোটগ্রহণ নয়, এটি নতুন বাংলাদেশের ভিত্তি নির্মাণের অংশ। এখানে আমরা, আমাদের সন্তানরা নিরাপদ ভবিষ্যৎ পাবে কি না, সেটিও নির্ধারিত হবে।

তিনি প্রিজাইডিং কর্মকর্তাদের উদ্দেশে বলেন, দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই।

তিনি বলেন, নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল অংশ নিচ্ছে; কেউ জিতবে, কেউ হারবে। তবে সরকারি কর্মচারীদের লক্ষ্য হওয়া উচিত পুরো দেশ ও জনগণের স্বার্থ নিশ্চিত করা। জনগণের বিশ্বাস ও অন্তর্বর্তীকালীন সরকারের আস্থা রক্ষার ওপর জোর দেন তিনি।

নিরপেক্ষতার ওপর গুরুত্ব দিয়ে জাহিদুল ইসলাম বলেন, একটি উৎসবমুখর ও আন্তর্জাতিক মানসম্মত নির্বাচন আয়োজনই লক্ষ্য। পক্ষপাতমূলক আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই মনিটরিংয়ের আওতায় রয়েছেন।

সরকারি কর্মচারীদের ভাবমূর্তি প্রসঙ্গে তিনি বলেন, অতীতের নেতিবাচক ধারণা বদলাতে হবে। প্রমাণ করতে হবে আমরা শুধু বেতন নিই না, রাষ্ট্রের জন্য কাজও করি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন, সেনাবাহিনীর দুই কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সরকার ও লেফটেন্যান্ট কর্নেল আন্দালিব কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত, আনসার ও ভিডিপির পরিচালক মোহাম্মদ মোস্তাক আহমদ এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ।

সভায় সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম।

এমআরএএইচ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।