গাজীপুরে স্ত্রীর পরকীয়ার জেরে স্বামী খুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১০:৪৭ এএম, ১৪ অক্টোবর ২০১৭

গাজীপুরে কাপাসিয়া উপজেলায় নিখোঁজের পাঁচদিন পর শনিবার দুপুরে গজারী বনের ভেতর থেকে আবুল কালাম (৪২) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী রাবেয়া আক্তার লাভলী (৩৫) ও তার কথিত প্রেমিক আলমকে (৪৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

কাপাসিয়া থানা পুলিশের ইন্সপেক্টর (অপারেশন) মো. মনিরুজ্জামান খান জানান, ৯ অক্টোবর সন্ধ্যায় কাপাসিয়া উপজেলার হাইলজোর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে আবুল কালাম (৪২) একই এলাকায় তার শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ হন। তাকে কোথাও খুঁজে না পাওয়ায় বৃহস্পতিবার থানায় তার ভাই জিডি করেন।

শনিবার সকালে এলাকার কয়েকজন গরু চড়াতে গিয়ে পার্শ্ববর্তী বড়হড় গ্রামের মারুলিয়া পাড়ার গাজীরটেকে গজারী বনের ভেতর আবুল কালামের মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে তার বড়ভাই আব্দুল সালাম ও আব্দুস সামাদ তার ভাইয়ের মরদেহ শনাক্ত করেন। দুপুর সোয়া ১টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাম পায়ের গোড়ালি ছিল না।

ইন্সপেক্টর মনিরুজ্জামান খান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে- আলমের সঙ্গে নিহতের স্ত্রী লাভলীর পরকীয়া ছিল। এর জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী ও তার কথিত প্রেমিক আলমকে আটক করা হয়েছে।

আমিনুল ইসলাম/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।