বিশ্ব সম্প্রদায়ের উচিত বিপন্ন রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০১:৫৯ পিএম, ১৬ অক্টোবর ২০১৭

বিপন্ন রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের মানবিকতা দৃষ্টান্ত স্বরূপ উল্লেখ করে জাতিসংঘের অভিবাসন সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)’র মহাপরিচালক উইলিয়াম ল্যাসি সুইং বলেছেন, বিশ্বের সব চেয়ে মানবিক বিপর্যয় রোহিঙ্গা সংকট। তাই বিশ্ব সম্প্রদায়ের উচিত রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো।

সোমবার কক্সবাজারের উখিয়ার কুতুপালং, বালুখালী ও নাইক্ষ্যংছড়ির ঘুমধুম রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এসময় তিনি রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ব্লব ঘুরে দেখেন এবং নির্যাতিত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।

উইলিয়াম ল্যাসি সুইং আরও বলেন, রোহিঙ্গাদের মানবাধিকার প্রতিষ্ঠায় জাতিসংঘ কাজ করছে। সরকার ও স্থানীয় সম্প্রদায়ের মানবিক সহযোগিতায় রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় পেয়েছে। তাদের সার্বিক সমস্যা সমাধানে আইওএম প্রয়োজনীয় সহায়তা দেয়ার চেষ্টা করছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, আশ্রিত রোহিঙ্গাদের জীবন রক্ষায় মানবিক সহায়তা এবং সুরক্ষা প্রদানে প্রয়োজনীয় সম্পদ জোগাড় এবং তা সঠিকভাবে বিতরণে যথাযথভাবে নিবন্ধীকরণ প্রয়োজন।

এর আগে বেলা ১১টার দিকে বিমানযোগে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। পরে কুতুপালং রেজিস্ট্রি ক্যাম্পের মেকশেফট সেটেলমেন্ট পরিদর্শন করেন। এরপর বালুখালি মেকশেফট বন্দোবস্ত এবং ঘুমধুম সীমান্ত সরেজমিন পরিদর্শন করেন।

পরিদর্শনকালে, আইওএম এর স্বাস্থ্য, ওয়াশ এবং আশ্রয়স্থল, ইউনিসেফের শিশু বন্ধুত্বপূর্ণ স্থান বা এনএফই কেন্দ্র, ইউএনএফপিএ-পিএ/পরামর্শ কেন্দ্র, ডাব্লিউএফপি খাদ্য বিতরণ এবং রোহিঙ্গাদের জন্য এসিএফ পুষ্টি কেন্দ্রসহ বিভিন্ন কার্যক্রমের খোঁজখবর নেন।

সায়ীদ আলমগীর/এমএএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।