রাতে যমুনা সেতুর পশ্চিম টোলপ্লাজায় বেড়েছে যানবাহনের চাপ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১২:৫৯ এএম, ২৮ মার্চ ২০২৬

কর্মস্থলে ফেরা মানুষের চাপ বেড়েছে দেশের উত্তরাঞ্চলের যমুনা সেতুতে। এ সেতুর পশ্চিম টোল প্লাজায় যানবাহনের চাপ বেড়েছে। তবে যানজট নেই। শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জাগো নিউজকে জানান, ঈদের ছুটি শেষে ঢাকামুখী লেনে যানবাহনের চাপ বাড়ায় সেতুর পশ্চিম টোলপ্লাজায় গাড়ির জট বেঁধেছে। ফলে গোলচত্বর হতে যানবাহন ধীরগতিতে চলছে। অন্যদিকে উত্তরবঙ্গগামী সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, সেতুর পশ্চিম প্রান্তে ৯টি বুথে টোল আদায় করা হচ্ছে। কিন্তু অতিরিক্ত গাড়ির চাপে টোল আদায়ে সময় লাগায় টোলপ্লাজায় গাড়ির সারি তৈরি হয়েছে। এতে শুধু পশ্চিম গোলচত্বর এলাকায় গাড়ি ধীরগতিতে চলছে। এরআগে ভোরে সেতুর পূর্বপাড়ে একটি গাড়ি বিকল হওয়ায় পশ্চিমপাড়ের ঢাকামুখী লেনে যানজট সৃষ্টি হয়। যা দুপুর নাগাদ স্বাভাবিক হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলছেন, মানুষ যেন নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারেন, সে জন্য জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে আমরা কাজ করে যাচ্ছি। মহাসড়কের ঢাকামুখী লেনে যানবাহনের চাপ থাকলেও কোনো যানজট নেই।

এম এ মালেক/এনএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।