পেকুয়ায় শ্রমিকদলের কাউন্সিলে দুর্বৃত্তের গুলি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৩:০৬ এএম, ১৭ অক্টোবর ২০১৭

কক্সবাজারের পেকুয়ায় শ্রমিকদলের দ্বিবার্ষিক কাউন্সিলে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দলের চার নেতা গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের জালিয়াকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- বারবাকিয়া ইউনিয়ন বিএনপি নেতা ইসমাইল হোসাইন (৫৫), উপজেলা শ্রমিকদল সভাপতি মুজিবুল হক চৌধুরী (৪০), ইউনিয়ন শ্রমিকদল সভাপতি কামাল (৩৫), ছাত্রদল নেতা মিজান (৩০)। এ সময় হামলাকারীরা সভাস্থলের চেয়ার ও একটি মোটর সাইকেল ভাঙচুর করেছে বলে জানা গেছে।

উপজেলা শ্রমিকদলের সভাপতি গুলিবিদ্ধ মুজিবুল হক চৌধুরী বলেন, আমরা সন্ধ্যার পরে বারবাকিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কমিটি গঠনের জন্য কাউন্সিল করতে যাই। কাউন্সিল শেষে চলে আসার পথে অতর্কিতভাবে ১০/১২ জনের একদল সন্ত্রাসী দা-কিরিচ নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এ সময় তারা আমাদের ওপর এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ভয়ে আমাদের নেতাকর্মীরা নদীতে ঝাঁপ দিয়ে জীবন বাঁচায়। গুলিতে আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছেন। পরে জানতে পেরেছি তারা ছাত্রলীগের ক্যাডার ছিল।

তবে পেকুয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি কফিল উদ্দিন বাহাদুর হামলায় ছাত্রলীগের সম্পৃক্ততা অস্বীকার করেছে।

পেকুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, বিষয়টি জানা ছিল না। খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

সায়ীদ আলমগীর/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।