মশার কয়েলের আগুনে দুই পোশাক শ্রমিক দগ্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৪:৪২ এএম, ২৪ অক্টোবর ২০১৭
ফাইল ছবি

গাজীপুরের টঙ্গীর উত্তর আউচপাড়া খাঁপাড়া এলাকায় মশার কয়েলের আগুনে পোশাক কারখানার দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। মঙ্গলবার ভোরে দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- টাঙ্গাইল সদরের হোগরা এলাকার শাহজাহান মন্ডলের ছেলে মো. দীন ইসলাম (২৫) এবং শেরপুরের নকলা থানার মধ্য নকলা এলাকার জবেদ আলীর ছেলে মো. জহিরুল ইসলাম (২৪)।

দীন ইসলামের মামা মো. হযরত আলী জানান, তার ভাগ্নে ও জহিরুল স্থানীয় বিল্পবের বাড়ি ভাড়া থেকে স্থানীয় হোপ লোন নামে একটি পোশাক কারখানায় চাকরি করে। সোমবার রাতের খাবার শেষে মশার কয়েল জ্বালিয়ে তারা একই বিছানায় ঘুমিয়ে পড়ে। একপর্যায়ে রাতে সাড়ে ৩টার দিকে কয়েল থেকে আগুন দ্রুত বিছানায় ছড়িয়ে পড়ে। পরে দীন ইসলাম ও জহিরুল ডাক চিৎকার শুরু করে এবং এক পর্যায়ে তারা উভয়েই দরজা খুলে বের হয়ে আসে। পরে এলাকাবাসী বিছানার আগুন নেভান এবং দগ্ধ দীন ইসলাম ও জহিরুল ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসকরা জানিয়েছেন, জহিরুলের দেহের ৯০ শতাংশ এবং দীন ইসলামের শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের এসআই মো. বাচ্চু মিয়া বলেন, মঙ্গলবার ভোরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। বর্তমানে তারা হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

তবে টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, এ ব্যাপারে তারা কিছুই জানেন না।

আমিনুল ইসলাম/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।