কম্পিউটার দোকানে তৈরি হতো জাল সনদ, দুই দোকানিকে জরিমানা
পাবনার বেড়ায় জাল সনদ তৈরির দায়ে কম্পিউটারের দুটি দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৯ মার্চ) বিকেলে উপজেলার মঞ্জুর কাদের মহিলা ডিগ্রি কলেজ গেটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান।
সূত্র জানায়, দোকান দুটির বিরুদ্ধে শিক্ষাবোর্ড ও বিশ্ববিদ্যালয়ের জাল সনদ তৈরি করে বিক্রির অভিযোগ ছিল। সত্যতা জানতে দুই স্টাফকে সনদে তৈরি করে নিয়ে আসার জন্য পাঠানো হয়। এসময় রাকিব কম্পিউটার জানায়, তারা অষ্টম শ্রেণি পর্যন্ত সনদ বানিয়ে দিতে পারবেন। এসএসসি পাসের সনদ পাশের দোকান আকাশ কম্পিউটার থেকে করা যাবে। এরপর অভিযান চালানো হলে দুটি দোকানেই জাল সনদ তৈরির সফটওয়্যার, ওয়ার্ড ফাইল ও বিভিন্ন প্রমাণাদি পাওয়া যায়।

দুটি জন্মসনদ ও দুটি শিক্ষা সনদ অনলাইন ভেরিফিকেশন করে নকল বলে প্রমাণিত হয়। পরে অভিযুক্তদের স্বীকারোক্তির ভিত্তিতে অভিযুক্ত আকাশকে ১০ হাজার টাকা এবং অভিযুক্ত রাকিবকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান বলেন, ‘আকাশের বাবা একজন কৃষক। তার পরিবারে আটজন নির্ভরশীল। রাকিবের বাবা একজন অসুস্থ অটোচালক ও অসহায়। তারা দুজনই আর কখনো এমন হীন কাজ করবেন না মুচলেকা দিয়েছেন। এজন্য তাদেরকে জেল দেওয়া হয়নি। তবে তারা কঠোর নজরদারিতে থাকবেন।’
আলমগীর হোসাইন নাবিল/এসআর/এমএস