কোটালীপাড়ায় অনিয়মের অভিযোগে দফতরি নিয়োগ স্থগিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৯:৫০ এএম, ২৫ অক্টোবর ২০১৭

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী উচ্চবিদ্যালয়ে দফতরি নিয়োগে অনিয়মের অভিযোগ উঠায় নিয়োগ প্রক্রিয়া স্থগিত করেছে ম্যানেজিং কমিটি। গত মঙ্গলবার ম্যানেজিং কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, পিঞ্জুরী উচ্চবিদ্যালয়ে ১ জন দফতরি নিয়োগের জন্য গত ২৫ আগস্ট পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই বিজ্ঞপ্তিতে সাড়া দিয়ে ১২ জন প্রার্থী আবেদন করে।

এদের মধ্যে থেকে ১০ জন প্রার্থী গত ২০ অক্টোবর নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে। এই ১০ জন প্রার্থীর মধ্যে থেকে সভাপতি তার বংশের আজগর আলী বিশ্বাস নামে এক প্রার্থীকে নিয়োগ দেয়ার জন্য ৩ লাখ টাকা ঘুষ গ্রহণ করেছেন বলে অভিযোগ উঠে।

বিষয়টি জানাজানি হয়ে গেলে এলাকায় উত্তেজনা দেখা দেয়। এর পর তড়িঘড়ি করে ম্যানেজিং কমিটি সভা ডেকে নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে।

আজগর আলী বিশ্বাস বলেন, আমার সঙ্গে সভাপতি মোস্তফা বিশ্বাসের ৩ লাখ টাকায় চুক্তি হয়েছে। আমি ২ লাখ টাকা অগ্রিম দিয়েছি।

এ ব্যাপারে ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তফা বিশ্বাসের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আজগর আলী বিশ্বাসের সঙ্গে আমার কোনো প্রকার আর্থিক লেনদেন হয়নি। একটি বিশেষ কারণে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। কয়েকদিনের মধ্যে আমরা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবো।

এস এম হুমায়ূন কবীর/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।