‘চাঁদা না দেয়ায় গ্যাস-বিদ্যুৎ-পানির লাইন বিচ্ছিন্ন’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৭:৪৭ এএম, ২৭ অক্টোবর ২০১৭

গাজীপুর সিটি কর্পোরেশনের ইটাহাটা এলাকায় চাঁদা না দেয়ায় একটি পোল্ট্রি ফার্মের গ্যাস-বিদ্যুৎ-পানির লাইন বিচ্ছিন্ন ও ফার্ম মালিকের বাড়িতে ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে ওই পোলট্রি ফার্ম মালিক নাসিমা বেগম জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও স্থানীয় র‌্যাব কার্যালয়ে অভিযোগ করেছেন।

নাসিমা বেগম শুক্রবার দুপুরে জেলা শহরে এক সংবাদ সম্মেলনে ওইসব অভিযোগ করে জানান, গ্যাস-পানি-বিদ্যুৎহীন অবস্থায় পোল্ট্রি ফার্মের ১০-১২ দিন বয়সের সাড়ে ৬ হাজার মুরগির বাচ্চার অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। এ ছাড়া পরিবারের লোকজনও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংবাদ সম্মেলনে নাসিমা অভিযোগ করেন, স্থানীয় আশরাফুল আলম মোল্লা রানা, সাইফুল মোল্লা নিজে এবং তার লোকজন দিয়ে বিভিন্ন সময় তার কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দেয়ায় বুধবার সকালে লোকজন নিয়ে ফার্মের গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। এ ঘটনায় ওই রাতে জয়দেবপুর থানায় জিডি করা হলে রানা বৃহস্পতিবার সকালে ভাড়াটে সন্ত্রাসী নিয়ে তার বাড়িতে ভাংচুর চালায়

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জামাল মিয়া জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে নাসিমা বেগম রানাদের প্রতিহিংসার শিকার হয়েছেন বলেও তথ্য পাওয়া গেছে।

এ ব্যাপারে আশরাফুল আলম মোল্লার কাছে জানতে চাওয়া হলে তিনি চাঁদা দাবির কথা অস্বীকার করে বলেন, নাসিমাদের পোল্ট্রির বর্জ্যে তাদের সমস্যা হয়। বিদ্যুতের লাইন, গাস ও পানির লাইন বিচ্ছিন্নের সঙ্গে তিনি জড়িত নন।

মোঃ আমিনুল ইসলাম/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।